প্রধান সূচি

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ : আরো একজনের মৃত্যু

পিরোজপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত পথচারী নুরু মিয়া (৬২)কে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। নুরু মিয়ার বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে। এ নিয়ে নিহতের সংখ্যা ৩ হয়েছে। এর আগে সকালে মো. মাসুম বিল্লাহ (৫২) ও মো. হাসিব শেখ নামে দুইজন নিহত হয়।
মো. মাসুম বিল্লাহ ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং হাসিব শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে।
নিহত মাসুম বিল্লাহ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার পদে কর্মরত ছিলেন। তিনি একটি প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য নিজের মোটর সাইকেল চালিয়ে পিরোজপুর জেলা শহরে যাচ্ছিলেন।
উল্লেখ্য, আজ সোমবার সকালে পিরোজপুর থেকে একটি মোটর সাইকেলে করে হাসিব শেখ ও আরিফ পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে পাড়েরহাটের দিক থেকে পিরোজপুরের দিকে অপর একটি মোটর সাইকেলে করে মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ আসছিল। সকাল ৯টার দিকে পিরোজপুর-পাড়েরহাট সড়কের শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারে নুরু মিয়া নামে এক পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটর সাইকেলে থাকা তিনজন ও পথচারী নুরু মিয়া। তাদের উদ্ধার করে স্থানীয়রা পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা নেওয়ার পথে নুরু মিয়ার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial