স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জগৎপট্টি গ্রামে অগ্নিকান্ডে রাজমিস্ত্রী মো. হানিফ মিয়ার বসতঘর পুড়ে গেছে। রবিবার ভোররাতে সেহরির সময় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে তারা সেহরি খেয়ে বিছানায় যান। এমন সময় ঘরের চালের উপরের একপাশ থেকে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দেন। মুহুর্তে আগুনের লেলিহান শিখায় চারপাশে আগুন ধরে যায়। এসময় ঘরের লোকজন জীবন বাঁচাতে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে যান। ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ইতোমধ্যে সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসে খবর দিলেও তাদের আসতে দেরি হওয়ায় আগুনে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান ৪ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি গেলে স্থানীয় উত্তেজিত জনতার কারণে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিভে গেছে। স্থানীয়রা আগুন নিভিয়েছে।
