প্রধান সূচি

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের সমর্থক ইউপি চেয়ারম্যানকে বদ্ধভূমিতে বেঁধে রাখার হুমকি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজের সমর্থক এক ইউপি চেয়ারম্যানকে বদ্ধভূমিতে বেঁধে রাখার হুমকি দেওয়া হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদকে বদ্ধভূমিতে বেঁধে রাখার এ হুমকি দিয়েছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন।
গত মঙ্গলবার নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন এ হুমকি দেন। আলফাজ উদ্দীন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা মাঠে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন বলেন, আমরা যারা ওয়ার্ডে বাস করি তারা টাকায় বিক্রি হই। সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা আপনারা বিক্রি হন না। তিনি বলেন, আমি অনুরোধ করব- আওয়ামী লীগের যে সমস্ত নেতারা মহিউদ্দীন মহারাজের কাছে গরু ছাগলের মত বিক্রি হয়েছেন। আপনারা আগামীকাল থেকে এই মিটি-এ আসবেন। আর তা না’হে আপনাদের সমূচীন জবাব দেয়া হবে। এসময় তিনি বক্তব্যে সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদকে উদ্দেশ্য করে বলেন, আগামী ২৫ তারিখের মধ্যে চেয়ারম্যান আব্দুর রশিদ যদি দলে ফিরে না আসে তাহলে তাকে সোহাগদল বদ্ধভূমিতে বেধে রাখা হবে।
এসময় সাবেক এই ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজকে কটাক্ষ করেও নানা কথা বলেন। আলফাজ উদ্দীনের এসব কথা ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন বলেন, আব্দুর রশিদ আওয়ামী লীগের ব্যানারে বার বার ইউপি চেয়ারম্যান হচ্ছেন। অথচ তিনি এখন নৌকার বিরোধিতা করছেন। তিনি বিগত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে মহিউদ্দীন মহারাজের পক্ষে নির্বাচন করেছেন। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও চেয়ারম্যান রশিদ নৌকার পক্ষে না থেকে মহিউদ্দীন মহারাজের পক্ষে কাজ করছেন। তাই আগামী ২৫ ডিসেম্বরের মধ্য তিনি (ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ) দলে ফিরে না আসলে তাকে সোহাগদল ইউনিয়নের বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সোহাগদল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কেমন লোক তা ইউনিয়নের সবাই জানে। আমি তার কথার কোন মন্তব্য করতে চাই না।
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহিদুল আহসানের সভাপতিত্বে আওয়ামী লীগের উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ১৪ দলীয় জোটের মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial