ককটেল বিস্ফোরণ : ধাওয়া পাল্টা-ধাওয়া
ভান্ডারিয়ায় আ’লীগ অফিস ভাংচুর মামলায় জেপির সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার-৪
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় ৪টি ককটেল বিস্ফোরণ শব্দ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের সমর্থনে মিছিল এবং জামায়াত শিবিরের হরতাল-আবরোধ নৈরাজ্যের প্রতিবাদে মিছিল চলছিল। এসময় জেপি নেতা কর্মীরা সভাশেষে দলীয় কার্যালয় থেকে বের হলে দুই গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ৪টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ অফিস ভাংচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহাবুব শরীফ শুভকে গ্রেফতার করে।
এদিকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মাহিবুল হোসেন মাহিম জানান, আমরা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার মঞ্জুর মনোনয়নপত্র দাখিল ও তার দোয়া মোনাজাতের জন্য প্রস্তুতিমূলক সভাশেষে দলীয় অফিস থেকে বের হওয়ার পরে আমাদের নেতা কর্মীকে পুলিশ ঘিরে রাখে। এ সময় আমাদের বেশ কিছু নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা আমি জানিনা।
উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন লিটন পেশকার বলেন, জাতীয় পার্টির কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামালা চালায়।
পিরোজপুর পুলিশ সুপার মো. সফিউর রহমান জানান, জাতীয় পার্টি (জেপি)’র ৪ নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল সন্ধ্যায় ভন্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়াকাঠী মেডিকেল মোড়ে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়।
