পিরোজপুরে অনলাইনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সাবমিশনের প্রশিক্ষন অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম বিষয়ক এক প্রশিক্ষণ পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনের পিরোজপুর জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রির্টানিং অফিসারের কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সেলিম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
সম্ভাব্য প্রার্থীদের প্রতিনিধিদের মধ্যে পিরোজপুর-১ আসনের শ ম রেজাউল করিম এর প্রতিনিধি গৌতম নারায়ন রায় চৌধুরী এবং পিরোজপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু এর প্রতিনিধি শংকর জিৎ সমদ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণে জানানো হয় যে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের একটি অ্যাপস এর মাধ্যমে অনলাইনে মনোনয়ন সাবমিশন করা যাবে। এই প্রথম অনলাইনে মনোনয়ন জমা দেয়ার সিস্টেম চালু হল বলে এর বিভিন্ন খুটিনাটি দিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের অবহিত করা হয়।
প্রশিক্ষনে জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আমাদের যে অগ্রযাত্রা অব্যহত রয়েছে তার একটি হচ্ছে দেশে এই প্রথম বারের মত যেকোন প্রান্ত থেকে অনলাইনে মনোনয়ন জমা দেয়ার সুযোগ সৃষ্টি করা। আগামীতে পর্যায়ক্রমে সকল ধরণের নির্বাচনে এই সিস্টেমটি পুরোদমে চালু হবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন এবং এসবের মাধ্যমে বাংলাদেশ অচিরেই প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট জাতিতে পরিণত হবে। যার প্রতিটি সিটিজেন হবে স্মার্ট সিটিজেন।
