অবরোধে পিরোজপুরে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক
বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধে পিরোজপুরে তেমন কোন প্রভাব পড়েনি। মঙ্গলবার জেলার অভ্যন্তরীন রুটে বাস চলাচল করেছে। পিরোজপুর কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে খুলনা-বরিশালসহ বিভিন্ন জেলায়ও বাস চলাচল ছিল স্বাভাবিক। পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাট থেকে বিকেলে যথারীতি লঞ্চ ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। তবে এদিন সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। দোলা পরিবহনের দোলা কাউন্টারের প্রতিনিধি মো. পলাশ জানান, অবরোধের প্রথম দিন তাই পিরোজপুর কাউন্টার থেকে দোলাসহ কোন পরিবহনের বাসই চলচল করেনি। তবে বুধবার থেকে পরিবহনগুলো চলচল করতে পারে।
এদিকে, বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে দিনভর সড়কে সক্রিয় ছিল জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জেলা শহরসহ বিভিন্ন এলাকায় তারা মিছিল-সমাবেশ করেছে।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও যুবলীগ। সন্ধ্যায় শহরের মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করীম মন্টু সিকদার, পৌর আওয়ামী লীগের বারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপি-জামায়াতের অবরোধের নাশকতা ঠেকাতে পিরোজপুরে বিভিন্ন স্থানসহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর নির্দেশে বিএনপি-জামাতের অবৈধ্য অবরোধের বিরুদ্ধে অবস্থান নেয় পিরোজপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে ছাত্রলীগের জেলা ও উপজেলা, কলেজ শাখা ও পৌর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
