যিনি উন্নয়ন দেন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যিনি উন্নয়ন দেন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এ দেশে পদ্মা সেতু নির্মাণ, সড়ক যোগাযোগ, তথ্য প্রযুক্তির উন্নতি, বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থাসহ সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকারের শাসনামলে দেশে সব ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করছে। এ সরকার ক্ষমতায় না থাকলে দেশে কোন ধর্মীয় সম্প্রীতি থাকবে না। পুনরায় জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠবে।
তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে মেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি যেখানে যাকে মনোনয়ন দেবেন তাকেই নির্বাচিত করতে হবে।
বৃহস্পতিবার পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে ঝাটকাঠিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশে শুধুমাত্র একটি পাসপোর্টই বাংলাদেশীদের পরিচয়। আর এ পাসপোর্ট ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু’র সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মোশারফ হোসেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় পিরোজপুরে ৪ কোটি সাড়ে ৭২ লক্ষ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জমির উপর ৫তলা ফাউন্ডেশনে ৩ তলা ভবন নির্মান করা হয়েছে।
