সাবেক ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদন্ড
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম সাইদকে দুর্নীতির দায়ে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত তাকে ১৯ লাখ ৩০ হাজার ১৬৫ টাকা জরিমানার আদেশ দিয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী নাজমুল ইসলাম সাইদ ফোনে সাংবাদিকের কাছে বিষয়টি স্বীকার করেছেন।
গতকাল মঙ্গলবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন।
জানা গেছে, চেয়ারম্যান নাজমুল ইসলাম সাইদের বিরুদ্ধে ২০১২ সালের ১২ মার্চ দুদকের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক আর কে মজুমদার মামলা করেন।
মামলায় তার বিরুদ্ধে ২০০৯-২০১০ অর্থ বছরে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীর চেয়ে ৪২ লাখ ৩০ হাজার ১৬৫ টাকার সম্পদ অর্জন এবং দুই লাখ ৭৫ হাজার ৭৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মো. বাহাদুর আলম একমাত্র সাইদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
বিচারক ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন। রায়ের সময় সাবেক এ চেয়ারম্যান আদালতে অনুপস্থিত ছিলেন।
ইউনিয়নের সাবেক অপর আর এক চেয়ারম্যান এম. কে সবুর তালুকদার বলেন, নাজমুল ইসলাম সাইদ একজন প্রতারক টাইপের লোক। এলাকার সব লোকে তাকে চিনে। তিনি জমির দালালি করাসহ একজন মামলাবাজ লোক। তিনি একটানা এলাকায় ৮ বছর চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি ঢাকার মগবাজারে থাকেন।
দন্ডপ্রাপ্ত আসামি নাজমুল ইসলাম সাইদ বলেন, সম্পদ গোপন করার অভিযোগে এনে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি ভুয়া মামলা করেছে। আমি আদালতের কাছে সময় চেয়েছিলাম। আমাকে সময় না দিয়ে মামলায় আমাকে মিথ্যা সাজা দেয়া হয়েছে। রায়ের সময় আমি আদালতে ছিলাম না। আজ বুধবার বিষয়টি জানতে পেরেছি।
