পিরোজপুরে দুদকের গণশুনানী
দুর্নীতি প্রতিরোধে পিরোজপুরে রবিবার সকালে গণশুনানীর আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে গণশুনানিতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির পিরোজপুর জেলা সভাপতি মনিরুজ্জামান নাসিম বক্তব্য রাখেন।
গণশুনানীতে পিরোজপুর জেলা সদরের সকল প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসনের অফিসার, জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
গত কয়েকদিন শহরে দুদক এর পক্ষ থেকে মাইকিং করে কোন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলা হয়। তারই পরিপ্রেক্ষিতেপ্রাপ্ত অভিযোগগুলোর উপর শুনানীতে নেতৃত্বদেন স্বয়ং দুদক সচিব।
পাসপোর্ট বিভাগের সহকারী পরিচালক, সিভিল সার্জন, গণপূর্তর নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী, জেলা রেজিষ্ট্রার, বিএসটিআই, ভ্যাট ও কাষ্টমস্, সহকারী কমিশনার ভূমি, পুলিশ বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা মাধ্যমিক শিক্ষা, জেলা খাদ্য নিয়ন্ত্রককের কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের উপরে অনুষ্ঠিত গণশুনানীতে দপ্তর প্রধানগণ অভিযোগের জবাব দেন।
এসময় দুদক সচিব বলেন, দুর্নীতি মুক্ত দেশ গড়তে এর প্রতিরোধ এবং প্রতিকার জরুরী। এ লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি এরকম গণশুনানী সারাদেশে চলছে, যা ভবিষ্যতে অব্যহত থাকবে।
