স্বরূপকাঠীতে দিনের বেলা তালা ভেঙ্গে চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর
পিরোজপুরে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর শহরের ১নং ওয়ার্ডে দিনে দুপুরে বাসার তালার হ্যাজবল্ট কেটে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে জালাল (৩৫) নামে এক চোর।
বুধবার সকালে ওয়ার্ডের প্রবাশী শেরশাহ নামে জনৈক ব্যক্তির বাসায় এ ঘটনা ঘটে। জনতা ওই চোরকে ধাওয়া করে ধরে গণদোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
প্রবাশীর স্ত্রী বলেন, তিনি বাসায় তালা মেরে ছাদে বসে রান্না করছিলেন। এসময় তিনি ছাদে বসে দেখেন দুইজন যুবক একজন অপরজনকে চোখের ইসারায় কি যেন বলছেন। বিষয়টি তার সন্দেহ হলে তিনি ও তার স্বামী শেরশাহ ছাদ থেকে বাড়ীর দ্বিতীয় তলায় নেমে দেখেন বাসার দরজার তালার হ্যাজবল্ট কাটা। এসময় ওই দুই যুবকের একজন তাদের দেখে দৌঁড় দেয়। তখন তারা চোর বলে চিৎকার দিলে স্থানীয়রাসহ তাদের ছেলে চোরের পিছু পিছু দৌঁড়ে চোরকে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, চোরকে ধরে তারা দু’চারটা চড় থাপ্পড় দিলে চুরির কথা স্বীকার করে। তারা ঢাকার নারায়ণগঞ্জে থাকে বলে জানায়। তার সাথে আরো দুইজন সঙ্গী ছিল। তারা পালিয়ে গেছে।
নেছারাবাদ থানার সাব-ইন্সপেক্টর (এস,আই) মো. রহিম জানান, গ্রেফতারকৃত চোরের বাড়ী মাদারিপুর জপলার রাজবাড়ী। সে ফরিদপুরের রাজবাড়ীর আহসান মিয়ার ছেলে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
