পিরোজপুরে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবী রায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান। পিরোজপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ এ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে অংশ নিয়ে আলোচকবৃন্দ বলেন, বর্তমান সরকার দেশবাসীকে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন আইন প্রণয়ন প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণয়ন তারই একটি উৎকৃষ্ট প্রমাণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন একটি সুখী সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০৪১ ঘোষণা করেছেন। সরকারের রূপকল্প ২০৪১ ও ৮ম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সবার জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণের প্রতিশ্রুতি রয়েছে। আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে সরকারের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহেদুর রহমান বলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ নিরাপদ খাদ্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে এবং এ আদালতের কার্যক্রম অব্যহত থাকবে।
