প্রধান সূচি

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ॥ ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভান্ডারিয়া-চরখালী সড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন। এসময় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভান্ডারিয়া পৌর প্রশাসক ফায়জুর রশিদ খসরু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রবীন আওয়ামী লীগ নেতা খান এনায়েত করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, যুগ্ম আহবায়ক মো. আল আমিন সরদার।
মানববন্ধনে ভান্ডারিয়া পোরসভা ও উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তারা তেলিখালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
এর আগে গত বুধবার থেকে একই দাবীতে তেলিখালী, গৌরিপুর, ভিটাবাড়ীয়া ও ধাওয়া ইউনিয়নে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৭ এপ্রিল উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়ায় ইফতার পার্টিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাত ৯টার দিকে উপজেলা জেপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের নেতৃত্বে জেপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভান্ডারিয়া উপজেলা সদরে আওয়ামী লীগ অফিসে হামলা করে ভাংচুর করে। এসময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। পরে তারা ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনেও হামলা করে ভাংচুর চালায়।
এদিকে, তেলিখালির ঘটনার বিষয়ে তেলিখালী ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ ৩২ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে জাতীয় পার্টি-জেপি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial