আগুনে পুড়লো পান চাষীর বসতবাড়ি
পিরোজপুরের কাউখালীর বাশুরী গ্রামের পান চাষী অমল মাঝীর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে আগুনে দোতালা কাঠের ঘরসহ মোটর সাইকেল, শুকনো সুপারি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ১৫ থেকে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডের সময় ওই বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরসহ ঘরের সব মালামাল ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের টিম লিডার খলিলুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসার মালিক অমল মাঝীর ছেলে অপূর্ব’র দাবি অগ্নিকান্ডে তাদের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
