স্বরূপকাঠীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১২০ পিস ইয়াবাসহ পলাশ আকন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্ধ্যা নদীর পূর্ব পাড়ের প্লাসঘাট থেকে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রবিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত পলাশ ওরফে ডিকে পলাশ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে।
জানা গেছে, পলাশ আকন উপজেলার একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। শনিবার রাতে সে ইয়াবা বিক্রির জন্য নদীর পূর্বপাড় প্লাস ঘাটে আসে। এসময় পুলিশ খবর পেয়ে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এস.আই) মনমথ এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে তল্লাশি করে। এসময় তার সাথে ১২০ ইয়াবা পাওয়া যায়।
নেছারাবাদ থানার এস.আই মনমথ জানান, পলাশ ওরফে ডিকে পলাশ একজন চিহ্নিত মাদক কারবারী ও মাদকসেবী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নেছারাবাদ থানার ওসি জাফর আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। মাদককারবারী যে হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না। যে কোন মূল্যে নেছারাবাদ থানা মাদক মুক্ত রাখা হবে।
