যারা নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহ যাতে মানসম্মত ভাবে সম্পন্ন হয় তার জন্য সকলকে সচেতন থাকতে হবে। যারা নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে ও সৃষ্টি করতে হবে। একজন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য হওয়া উচিত এ সকল অনিয়মকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে মামলা করে আদলতে বিচারের সম্মূখীন করা। এদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে জাগরণ সৃষ্টি করা প্রয়োজন।
তিনি আজ বৃহস্পতিবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডীপুর-কলারন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আনোয়ার হোসেন মঞ্জু এমপি পিরোজপুর-পাড়েরহাট-টগড়া-ইন্দুরকানী-বালিপাড়া-কলারন-শন্ন্যাসী সড়কের প্রস্থকৃত কাজ ও মানউন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এক দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন
এখানে অনুষ্ঠিত উক্ত সমাবেশে তিনি আরও বলেন, আল্লাহ অন্যায়ের সাথে আপোস করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন নিজের ভাগ্য নিজে গড়তে হয় এবং তা পরিশ্রম করে আদায় করতে হয়। আমাদের দেশে এ অঞ্চলে গৃহীত উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে হয় না। এর কারণ যে ঠিকাদাররা কার্যাদেশ পান তারা কাজ বিক্রি করে দেন। নিজেরা কাজ না করে অনভিজ্ঞ-অর্বাচিনদের দিয়ে কাজ উঠান। যারা কাজ পেয়ে কাজ করেন না, কাজ শুরু করেও কাজ শেষ করেন না তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের কাছে জাবদিহিতা ও কৈফিয়ত চাইতে হবে।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, আজ পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে মানুষের সংসার চালানোই কষ্ট হচ্ছে। এর জন্য আমাদের মানুষ বা আমরা দায়ী নই। এর জন্য দায়ী পৃথিবীর মোড়লরা। শোষনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। শোষন-বঞ্চনার বিরুদ্ধে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। লুটপাট বন্ধ করতে হবে এবং এর জন্য জনগণকেই দায়িত্ব নিতে হবে। ৩৮ বছর ধরে আমরা বলে এসেছি আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। আমারা যদি এক থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে বাধ্য। আমি সব সময় বলে এসেছি, কাজের প্রশ্নে কোন রাজনীতি করা যাবে না। রাজনীতিতো স্বাধীনতার আগেই করেছি, এখন নয়। ৮৪ সাল থেকে যে কথাটি বারবার বলেছি, তাহলো সর্বোপরি ঐক্য ধরে রাখা দরকার। আমাদের এখনও অনেক কাজ বাকি। লুটপাট বন্ধ করা না গেলে কাঙ্খিত উন্নয়ন কাজ সম্পন্ন করা যাবে না।
তিনি বলেন, আজ যে সড়কের উদ্বোধন করা হলো তা আল্লাহর রহমত। আমি ১০ বছর যোগাযোগ মন্ত্রী ছিলাম। কাজ আদায়ের জন্য সৎ সাহস থাকতে হয়, কলিজায় জোর থাকতে হয়। ঢাকা থেকে পিরোজপুর বা ইন্দুরকানী আসতে কতগুলো ফেরী পার হতে হতো। তা এখন কষ্ট কল্পনা। এখন পদ্মা সেতু পার হয়ে তিন ঘণ্টায় এই পথ পাড়ি দেয়া যায়। আজকে উদ্বোধনকৃত রাস্তায় সন্ন্যাসী-কলারন এর মধ্যদিয়ে প্রবাহিত বলেশ্বর নদে উপর আগামী ১৫ দিনের মধ্যে ফেরী চালু হবে। পৃথিবীর অবস্থা অত্যন্ত খারাপ। যার প্রভাবে বাংলাদেশের পরিস্থিতি স্বভাবতই খারাপ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈরী পরিস্থিতির মধ্যে দেশ পরিচালনা করছেন। আমাদেরও ঐক্যবদ্ধ থেকে ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলা করা প্রয়োজন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আগে ইন্দুরকানী অঞ্চলে শান্তি-শৃঙ্খলার অভাব ছিলো। সেই অবস্থা কাটিয়ে উঠে এখন এ এলাকার মানুষ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে রাতে স্বাস্তির সাথে বসবাস করছে। আমাদের সকলের উচিত হবে এই শান্তিপূর্ণ পরিস্থিতি যাতে অব্যহত থাকে তার চেষ্টা করা। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ ও সম্পদের সদ্ব্যবহার নিন্ডিত করা।
পিরোজপুর সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে চন্ডীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইন্দুরকানী উপজেলা জেপি’র আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, ইন্দুরকানী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, চন্ডীপুর ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা মশিউর রহমান মঞ্জু, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান সেলিম, উপজেলা জেপি’র সদস্য সচিব মাসুদ করিম তালুকদার ইমন প্রমুখ। এ সময় মঞ্চে ছিলেন ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার প্রমুখ।
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি রাতে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে সংগঠনের একটি কার্যালয় উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলা সফরকালে তাঁর সফরসঙ্গী ছিলেন ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির সহ সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি রোকনুজ্জামান বশির, ভান্ডারিয়ার পৌর জেপি’র সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দার ও সদস্য সচিব মামুনুর রশীদ সরদার, ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সরদার প্রমুখ।
ভান্ডারিয়া সংবাদদাতা জানান, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়ার ধাওয়া গ্রামে যান। এসময় তিনি ধাওয়া ইউনিয়ন যুব সংহতির সভাপতি মো. লিটন তালুকদারের মায়ের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, বৃহষ্পতিবার লিটনের মা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। এ সময় মরহুমার শোকসন্তপ্ত পরিবারেকে তিনি শোক ও সমবেদনা জানান।
