শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখলে আজকের উন্নয়ন আরও বাড়বে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখলে আাজকের যে উন্নয়ন সে উন্নয়ন আরও বাড়বে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছে গেছে। সরকারী টাকায় অসহায় মানুষদের ঘর করে দেওয়া হচ্ছে। করোনাকালে চিকিৎসা সহায়তাসহ সর্বপ্রকার সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার আরামকাঠী হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আসলে পদ্মা সেতু, বেকুটিয়া সেতু, পাটগাতি সেতু, পায়রা সেতু নির্মান কোন দিন সম্ভব হতো না। আগে ঢাকায় যেতে ৮ থেকে ৯ ঘন্টা সময় লাগতো। এখন পদ্মা সেতুর সুবাদে ঢাকায় যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগছে।
তিনি আরও বলেন, জামাত-বিএনপি এ দেশের মানুষের কোন কল্যাণে আসতে পারেনি। দন্ডপ্রাপ্ত খালেদা জিয়া-তারেকদের দল আবার ক্ষমতায় আসলে এ দেশের সংখ্যালঘুরা, অসাম্প্রাদায়িক চেতনায় বিশ^াসী মানুষগুলো আবার নীরপত্তাহীনতায় পড়বে।
তিনি বলেন, সংসদে রাষ্ট্রপতির ভাষনের উপর বক্তব্য রাখতে গিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে একটা দাবী করে বলেছি সন্ধ্যা এবং বেলুয়া নদীর উপর সেতু নির্মাণে প্রাথমিক সমীক্ষা শেষ হয়েছে। এতে রিপোর্ট আসছে এখানে সেতু নির্মাণ সম্ভব। আমার দাবির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী নোট করেছেন। এটা নাজিরপুর ও স্বরূপকাঠীবাসীর জন্য আনন্দের সংবাদ। আমি প্রধানমন্ত্রীকে ১৯৮২ সাল থেকে চিনি। প্রধানমন্ত্রী যেটা প্রত্যাখান করেন সেটা তিনি তাৎক্ষনিকভাবে বলে দেন। আর যেটা গ্রহন করেন সেটাও বুঝতে পারি।
মন্ত্রী বলেন, আমি চেষ্টা করেছি এলাকার রাস্তা-ঘাট, মন্দির মসজিদ এর আধুনিক উন্নয়ন করতে। তবে এলাকার যেসব চলমান উন্নয়ন কাজ থমকে আছে তার একমাত্র কারণ হল নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে। আর থমকে থাকা সেসব কাজ আমার এ সময়ের মেয়াদের মধ্যেই শেষ হয়ে যাবে।
মন্ত্রী এর আগে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের আরামকাঠি শান্তির হাট এলাকায় তিনটি সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ, অ্যাডভোকেট এস এম ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
