পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পত্নী নিহত
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট ওয়াহিদ হাসান বাবু’র স্ত্রী মারুফা আক্তার নিহত হয়েছেন। এ সময় মোটর সাইকেলে থাকা সাংবাদিক বাবুও মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিরোজপুরের কঁচা নদীর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ৮ম বাংলাদেশ-চীন মৈত্র সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় সাংবাদিক বাবু তার নিজের মোটর সাইকেলে করে স্ত্রীকে নিয়ে পিরোজপুর আসছিলেন। ওয়াহিদহাসান বাবু পিরোজপুর জজ কোর্টের প্রয়াত বিশিষ্ট আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর জব্বারের জেষ্ঠ পুত্র।
আহত বাবু জানান, ওই দিন সন্ধ্যায় কাউখালী উপজেলায় শ্বশুর বাড়ি থেকে তিনি স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগে পিরোজপুরের নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বঙ্গমাতা সেতু পারাপারের সময় এক নারী পথচারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনায় শিকার হন। দুর্ঘটনার সময় মোটর সাইকেলের পিছনে থাকা বাবুর স্ত্রী ছিটকে সেতুর মাঝখানে পরে গেলে সামনে থেকে আসা একটি ট্রাক নিহতের কোমরের ওপর থেকে চাপা দিয়ে যায়। এতে তার কোমর ও দুই পা দুমড়ে মুচড়ে যায়। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। মারাত্মক আহতাবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আস হলে সাথে সাথে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খুলনা যাওয়ার পথে বলেশ^র ব্রীজ এলাকায় পৌঁছালে তিনি মারা যান। দুর্ঘটনায় সাংবাদিক বাবু বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। মঙ্গলবার দুপুরের পর নিহতের পোষ্ট মার্টেম করা হয়। পরে মাগরিবের নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাযার পর পৌর কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
