পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী আটক
পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দেওয়ায় মো. জুবায়ের হোসেন নামের এক ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো. আরশেদ আলীর ছেলে। শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা চলাকালীন সময়ে তাকে পিরোজপুর পিটিআই কেন্দ্র ১০৩ নম্বর কক্ষে থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিটিআই এর সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ।
সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ আরো জানান, আমাদের এই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা এক প্রক্সি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। আমরা সবকিছু মিলিয়ে দেখলে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভূয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছিল যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে আমি পিটিআই এর একটি কক্ষে ম্যাজিষ্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে তদন্ত করে দেখছিলাম। তখন এক প্রক্সি পরীক্ষার্থীকে আমরা পেয়েছি। উক্ত পরীক্ষার্থীকে আটক করে হল সুপার মামলা দায়ের করলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
