প্রধান সূচি

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন : প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন মহিউদ্দিন মহারাজ

পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ। তিনি রবিবার তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
রবিবার দুপুরে পিরোজপুর আওয়ামী লীগ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দেন। এর পরে তিনি জেলা রিটানির্ং অফিসারের কাছে গিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
জানা গেছে, এর আগে শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেন মো. মহিউদ্দিন মহারাজ।
মনোনয়নয়নপত্র প্রত্যাহারের আগে রবিবার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহিউদ্দিন মহারাজ লিখিত বক্তব্যে বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদ নির্বাচন থেকে তিনি সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবাবের নির্বাচনে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহন করেনি তাই এই নির্বাচন উন্মুক্ত থাকবে ভেবে তিনি আবারও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে তিনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন তাই দলের প্রতি এবং দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে দল সমর্থিত প্রার্থী শহীদ পরিবারের সন্তান ৬১ জেলার একমাত্র দলীয় সমর্থিত নারী প্রার্থী সালমা রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় মহিউদ্দিন মহারাজ তার ভোটার ও সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সময়ের সল্পতার কারণে আমি আপনাদের সবার অনুমতি নিতে পারিনি, তবে অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম আগামী দিনগুলোতেও আমি আপনাদের পাশে থাকবো।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল, সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, দলীয় সমর্থিত নারী প্রার্থী সালমা রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলন শেষে মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম এ আউয়াল ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে মনোনয়ন প্রত্যাহারে আবেদন জমা দেন।
এদিকে, রবিবার আরও তিনজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাদের মানোনয়নপত্র প্রত্যাহার করার আবেদন করেছেন জেলা রিটার্নিং অফিসারের কাছে।
উল্লেখ্য, গত ২০১৬ সালের জেলা পরিষদের প্রথম নির্বাচনে মো. মহিউদ্দিন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। সে সময়ে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন আওয়ামী লীগের সমর্থিত পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম।
২০১৬ সালের জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি পিরোজপুর জেলা পরিষদকে একটি দুর্র্নীতিমুক্ত মডেল জেলা পরিষদের পরিনত করেছেন। জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন বাস্তবায়ন করেছেন। সকল উন্নয়নমূলক কাজে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় লোকজনকে সম্পৃক্ত করেছেন। ৫ বছর মেয়াদ শেষে সরকার তাকে জেলা পুরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial