পিরোজপুরে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক-৩
পিরোজপুরে র্যাব-৮ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- পিরোজপুর জেলা সদর উপজেলার পশ্চিম হরিণা গাজিপুর এলাকার মো. বাহাদুর শেখ (৪৩), পৌর শহরের উকিলপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৩৮) ও খুমুরিয়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২)।
রবিবার বরিশাল নগরের রূপাতলীর র্যাব-৮ এর সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর মন্ডলপাড়া এলাকার রতন কুমার মিস্ত্রীর গাড়ি রাখার গ্যারেজে অভিযান চালানো হয়। এসময় আটকদেরকাছ থেকে ইউএসএতে তৈরি একটি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ গ্রাম গাঁজা, নগদ চার হাজার ৩৩০ টাকা, একটি গোপন ক্যামেরা যুক্ত কালো রংয়ের চশমা এবং একটি হকিস্টিক উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করেছেন।
