জিয়া, এরশাদ, খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার গডফাদার। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে গোলাম আজমকে দেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। খালেদা জিয়া সরকার ক্ষমতায় এসে মতিউর রহমান নিজামীসহ অনেক রাজাকারকে মন্ত্রিসভার স্থান করে দিয়েছিল। বিএনপি-জামাত জোট আবারও চাচ্ছে এ দেশে হিন্দু, মুসলিমদের মধ্যে বিরোধ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে। তাই স্বাধীনতা বিরোধীরা যেন কোনোভাবেই আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বুধবার পিরোজপুরে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তার দলের রাজনীতি হলো- খুনিদের রক্ষা করার রাজনীতি। তাদের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি। আর শেখ হাসিনা বিশ্বাস করেন- যিনি অপরাধ করবেন তার কোন দল নেই, তার কোন বর্ণ নেই, তার কোন পরিচয় নেই। খুনির বিচার, অপরাধীর বিচার অবশ্যই হতে হবে। তাই তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধু’র খুনিদের বিচার করেছেন, বুদ্ধিজীবী হত্যার বিচার করেছেন। বড় বড় অন্যায়-অপরাধ যারা করেছেন সকলের বিচার করেছেন।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়। আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু ও ভানুলাল দে, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ। সভা পরিচালনা করেন পিরোজপুর হিন্দু কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক প্রিয়াংকা সিকদার।
