সাড়ে ১৯ কেজির ভোল মাছ এক লাখ ৯০ হাজার টাকায় বিক্রি !
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া সাড়ে ১৯ কেজি ওজনের একটি ভোল মাছ বিক্রি হয়েছে এক লাখ ৯০ হাজার টাকায়।
গতকাল শুক্রবার সকালে বাগেরহাট কেবি বাজার সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়ত থেকে এ মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। মাছটির প্রতি কেজি মূল্য পড়েছে প্রায় ১০ হাজার টাকা টাকা।
গত ১৭ আগস্ট (বুধবার) রাতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মাছ ব্যবসায়ী মাসুমের ‘এফবি আলাউদ্দিন’ নামে মাছ ধরা ট্রলারের জেলেদের জালে ভোল মাছটি ধরা পড়ে। ওই ট্রলারের মাঝি জাফর বলেন, বুধবার সাগরে আবহাওয়া খারাপ থাকায় জালে তেমন ইলিশ ধরা পড়ছিল না। তীরে ফেরার আগ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় ভোল মাছটি পাই। এত বড় মাছ পেয়ে ট্রলারের সবাই খুশি হয়েছে। কারণ এ মাছটির দাম অনেক। এমনিতেই ইলিশ পাচ্ছিলাম না। এখন মোটামুটি তেলের খরচটা উঠেছে।
ভোল মাছ ক্রেতা মো. অলিল খলিফা বলেন, জাবা ভোল মাছটি এক লাখ ৯০ হাজার টাকায় কিনেছি। এখন এ মাছটি বরফ দিয়ে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে নেওয়া হবে। সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি মাছটিতে ৫০ হাজার টাকা লাভ করতে পারবো।
বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবা ভোলা মাছ খুব কম পাওয়া যায়। বছরে দুই-একটি মাছ পাওয়া যায়। আমরা শুনেছি, এ মাছের পেটের ভেতরের নাড়িভুঁড়ি দিয়ে ওষুধ তৈরি হয়। এজন্য এ মাছের দাম বেশি।
