কলেজ ছাত্রী মিম আত্মহত্যায় প্ররোচণাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কলেজ ছাত্রী মিম আত্মহত্যায় প্ররোচণাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক, অভিভাবক ও সহপাঠিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে পত্তাশী বাজার সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সুমন হাসান, সহকারী শিক্ষক মো. হুমায়ূন কবির, নিহত কলেজ ছাত্রী শর্মিলা আক্তার মিমের পিতা মো. শাহাদাত হোসেন রানা, স্কুলছাত্রী সানজিদা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ জুন বখাটের উৎপাত সইতে না পেরে কলেজ ছাত্রী শর্মিলা আকতার মীম (১৭) নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে গত ১৭ জুন বখাটে তানভীর ও তার পিতা নজরুল ইসলাম, তানভীরের সহযোগী রুবেল কাজীর বিরুদ্ধে মামলা করে। তবে পুলিশ মামলার ৬ দিনেও কোন আসামকে গ্রেফতার করতে পারি নি।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, কলেজ ছাত্রী মিম আত্মহত্যা প্ররোচণার মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
