নাজিরপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ আহত ১৩
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত এক পরিবারের সদস্যরা হলেন- আল-আমিন শেখ (২৭), সাব্বির শেখ (১৯), কাওসার শেখ (৪৫), রবিউল শেখ (২১), সজিব শেখ (২৬), রেহেনা আক্তার (৩০), ছনিয়া আক্তার (২২), চাদনি আক্তার (১৯) ও মহিমা বেগম (৩০)। আহত অপর পরিবারের সদস্যরা হলেন- লুৎফর শেখ (৬০), শিপন (৩২), ফারিয়া (১৬) তানভীর শেখ (১৬)। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৯জনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাতিলাখালি গ্রামের লুৎফর শেখ ও নাছির চৌকিদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই জমি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিবাদ মিমাংসা হয়নি। গত এক সপ্তাহ আগে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ করে একটি রায় দিলে তা লুৎফর শেখ না মেনে চলে যায়। শুক্রবার উক্ত জমিতে নাসির চৌকিদার মাটি কাটা শুরু করলে শনিবার এ নিয়ে লুৎফর ও নাসির চৌকিদারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নাসির চৌকিদারের পরিবারের ৯ সদস্য এবং লুৎফর শেখসহ তার পরিবারের ৪ সদস্য আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুম্পা মুৎসুদ্দি জানান, মারামারি করে আহত অবস্থায় মোট ১৩ জন রোগী হাসতালে এলে তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৯জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. হুমায়ুন কবির বলেন, মারামারির খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
