সুন্দরবন রিসোর্ট থেকে জব্দকৃত বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত
বাগেরহাটের বারাকপুরের সুন্দরবন রিসোর্ট এন্ড পার্ক থেকে জব্দকৃত কুমির, সাপ, বানর, গুইসাপ, মেছো বিড়াল ও বনবিড়াল সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। ওই রিসোর্টে বেআইনিভাবে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ করায় শনিবার বিকেলে জব্দকৃত প্রাণীগুলো মোংলায় নিয়ে আসে বন বিভাগ। এরপর সেগুলো বিকেল থেকে পর্যায়ক্রমে বনের করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্র এলাকায় অবমুক্ত করে বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করে রেখেছিল বাগেরহাটের বারাকপুর এলাকার সুন্দরবন রিসোর্ট। কয়েকদিন আগে বন বিভাগের খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সুন্দরবন রিসোর্টের এ বন্যপ্রাণীগুলো জব্দ করে রেখে আসেন। গতকাল শনিবার বিকেলে সেখান থেকে সাড়ে ৪শ’ কেজি ওজনের ২টি লবণ পানির কুমির, ৬টি বানর, ২টি গুইসাপ, ১টি অজগর সাপ, ১টি মেছো বিড়াল ও ২টি বনবিড়াল এনে করমজলে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের কয়েকটি ইকোপার্ক থেকে জব্দ করা ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী গত ৩ ফেব্রুয়ারী করমজলে অবমুক্ত করা হয়।
