বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ইয়াকুব আলী বাওয়ালী নামের নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার রাতে সুন্দরবনের দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় জেলেদের জালে উঠে আসে ইয়াকুবের মরদেহ। তবে এই মরদেহ উদ্ধারের বিষয়ে কোন তথ্য নেই বন বিভাগের কাছে। এ নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার করল জেলেরা। নিহত ইয়াকুব আলী বাওয়ালী কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে।
নিহত ইয়াকুবের ছেলে ফিশিং ট্রলার মালিক ইব্রাহিম আমানি বলেন, রবিবার রাতে দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় মাছ ধরছিলো জেলেরা। এসময় জেলেদের জালে ইয়াকুব আলীর মরদেহ উঠে আসে। এমন মৃত্যু দু:খজনক, যা আমাদের খুব কষ্ট দিচ্ছে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ১৮ ট্রলার ডুবে যায়। এখন পর্যন্ত অন্তত ১০ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
