কাউখালীতে বই বিতরণ
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর আনুষ্ঠানিক বই উৎসব হয়নি । তথাপিও পিরোজপুরের কাউখালিতে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বই বিতরণ করা হয়েছে স্কুলে স্কুলে। এরই মধ্যে শনিবার সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচি পরিদর্শন করতে এলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কে এম জামান, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ।
শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কর্মসূচি দেখে উপজেলা নির্বাহী অফিসার সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বলেন, নতুন বইয়ের গন্ধে শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের আনন্দ অনুভূত হয়। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা দুই বছর ধরেবই উৎসব থেকে বঞ্চিত। লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের স্কুলের পাশাপাশি বাড়িতেও পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য অভিভাবকদের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এরপর তিনি উপজেলার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
