প্রধান সূচি

পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ ও প্রজেক্টর চুরি

পিরোজপুর সদর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ে থাকা ল্যাপটপ ও প্রজেক্টরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গেছে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় সাধারণ ডায়রি করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
স্কুল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর শংকরপাশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার রাত ১২টা থেকে সকাল ৫টার মধ্যে দরজার তালা ভেঙ্গে চোর ঢোকে। এ সময় ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি অকেজো ল্যাপটপ ও ১টি অকেজো প্রোজেক্টর নিয়ে যায়। আর অন্যান্য স্কুল থেকে যে সব মালামাল চুরি হয়েছে তার কোন তালিকা এ রিপোর্ট লেখা পর্যন্ত পিরোজপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এসে পৌঁছায়নি।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, তিনি শংকিত। সুন্দর পরিবেশকে অশান্ত পরিবেশ করার জন্য এটি একটি পরিকল্পিত কাজ। ৩টি স্কুলে চুরি ও ২টিতে তালা ভাঙ্গার সংবাদ তার কাছে এসেছে। তবে সে দু’টি থেকে কোন মালামাল চোরে নিয়েছে কিনা তিনি তা জানেন না। তিনি স্ব স্ব স্কুল প্রধানকে থানায় সাধারণ ডায়রি করার জন্য বলেছেন বলেও জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, তার কাছে ২টি স্কুল চুরি হওয়ার অভিযোগ এসেছে এবং তা সাধারণ ডায়রিভুক্ত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial