প্রধান সূচি

মোড়েলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও কম দেওয়ার অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে উপকারভোগীর চাল আত্মসাত ও চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে উপকারভোগী মানসিক প্রতিবন্ধি শরিফা আক্তারের মামাতো ভাই মো. জাহাঙ্গীর হাওলাদার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
অভিযোগকারী জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমার ফুপাতো বোন শরিফা আক্তার একজন মানসিক প্রতিবন্ধি। তার দুটি সন্তান রয়েছে। প্রতিমাসে ১০ টাকা দরে ৩০ কেজি চালে তার সন্তানদের খুব উপকার হতো। কিন্তু অক্টোবর মাসের চাল শরীফার স্বাক্ষর দিয়ে ডিলার মনিরুল ইসলাম উত্তোলন করেছেন। আমরা এই অনিয়মের বিচার চাই।
শরীফার আপন ভাই আল আমিন শেখ বলেন, আমার বোনের চাল স্বাক্ষর জাল করে ডিলার উত্তোলন করেছেন। প্রতিবন্ধি বোনের জন্য সরকারের এই সহযোগিতা নিয়মিত রাখার দাবি জানান তিনি।
অন্যদিকে ৩০ কেজির মূল্যে ২৭ কেজি চাল প্রদানের অভিযোগ করেছেন কয়েকজন উপকার ভোগী। আনছার খান নামের এক ব্যক্তি বলেন, ৩০০ টাকায় ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রতিবারেই আমাদেরকে ২৭ কেজি চাল দেওয়া হয়। চাল কমের বিষয়টি ডিলারকে জানালে কার্ড কেটে দেওয়ার হুমকী দেয়। আমরা গরীব মানুষ কোথায় যাবো।
তেলিগাতী বাজার এলাকার আসাদ শেখ নামের এক ব্যক্তি বলেন, প্রায়ই শুনি ১০ টাকা কেজির চালে কম দেওয়া হয়। এ বিষয়ে কেউ অভিযোগ করলে, তার সাথে খারাপ ব্যবহার করেন ডিলার মনিরুল ইসলাম।
অভিযোগের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, আমি কাউকে চাল কম দেইনি। শরীফা আক্তার একজন মানসিক প্রতিবন্ধি হওয়ায় সে ফিঙ্গারিং করতে পারেন না। তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সুলভ মূল্য কার্ড আরেকজন দরিদ্র মানুষকে দিতে বলেছেন। সেই কারণে দুই মাস ধরে শরীফা চাল পাচ্ছে না। এর আগে নিয়মিত চাল পেয়েছেন শরীফা এমন দাবি করেন এই ডিলার।
বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম বলেন, কোন ডিলার কাউকে চাল কম দিতে পারবে না। একজনের চাল অন্য জন কোনভাবেই তুলতে পারবে না। এটা স্পষ্ট অন্যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ডিলার মনিরুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে শুনানীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial