নাজিরপুরে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট ॥ আহত ৪
পিরোজপুরের নাজিরপুরে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় দুই বছরের শিশু ও নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধুরাবাদ গ্রামে। একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিকাশ হালদার ও তার লোকজন ওই ওয়ার্ডের মেম্বার প্রবীর বিশ্বাসের বাড়িতে এ হামলা করে।
হামলায় আহত প্রবীর বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস (২৮) জানান, ওই দিন আমার স্বামী নির্বাচনে ভোটে হেরে রাত সাড়ে ৮টার দিকে পাশের ঘরে বসে তারা কথা বলছিলেন। এ সময় আমি বড়ির উঠানে থাকাকালে একই ওয়ার্ডের মেম্বার পদে অপর পরাজিত প্রার্থী বিকাশ হালদারের নেতৃত্বে দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ আড়াই লাখ টাকা ও ৫/৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা আমার শাশুড়ি রেনু বালা বিশ্বাস (৬০) এবং ননদ মল্লিকা বিশ্বাস (২৫)কে মারধর করে ও আমার শাশুড়ির গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় আমি এগিয়ে গেলে হামলাকারীরা আমাকে মারধর করে। আমার কোলে থাকা ২ বছরের শিশুপুত্র প্রান্ত বিশ্বাসকে কোল থেকে নিয়ে আচাড় দেয়। আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
অভিযুক্ত মেম্বার প্রার্থী বিকাশ হালদার তার বিরুদ্ধে আনিত এমন অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি জমি-জমা নিয়ে বিরোধের জেরে ঘটেছে, নির্বাচন কেন্দ্রিক না। তবে অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
