প্রধান সূচি

কাউখালীতে তাবলীগ জামাতের ১৫ সদস্য হাসপাতালে

পিরোজপুরের কাউখালীতে একটি মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাউখালীর গারতা এলাকার আল-সেতারা জামে মসজিদে শুক্রবার সকালে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। এরা হলেন- নওগাঁ জেলার ইয়াসিন আলী (৫২), ইদিকুল ইসলাম (৬২), আব্দুস সাত্তার (৪০), মোস্তাকিন (৫৯), আবদুস সামাদ (৭১), সুনামগঞ্জের শফিউল্লাহ (৬২), জাফর আলী (৬০), আব্দুল হান্নান (৬০), নিলফামারীর মুস্তাকিম (১৮), নেত্রকনার মিজানুর রহমান (৫০), হামিদ উদ্দিন (৫৫), কক্সবাজারের সফিউল্লাহ (৭০), আলী আকবর (৭০), হারুন আর রশীদ (২০), নোয়াখালীর তাবারক উল্লাহ (৬৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে তাবলিগ জামাতের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে শুক্রবার তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর তাদের হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মেশানো ছিল।
কাউখালীর তাবলীগ জামাতের সদস্য মো. মহসিন জানান, সুনামগঞ্জ, কক্সবাজার, নেত্রকনা, নওগা, নেত্রকনা, জয়পুরহাটসহ দেশের কয়েক জেলা থেকে ১৬ সদস্যকে চিল্লার (সফর) জন্য কাকরাইল মসজিদ থেকে তাবলিগের আমির তাদের পিরোজপুরে পাঠান। পিরোজপুর থেকে তারা কাউখালীতে আসে ৩ নভেম্বর। দুটি মসজিদ থেকে বৃহস্পতিবার সকালে গারতা এলাকার আল-সেতারা জামে মসজিদে জামে মসজিদে পাঠানো হয়।
কক্সবাজারের হারুন আর রশীদ বলেন, নিয়ম অনুযায়ী আমরা যে যার কাজ করি। আমিরের নির্দেশমতো আমরা দিনভর মানুষকে দিনের দাওয়াত দিয়েছি, ইসলামি আলাপ-আলোচনা করেছি। রাতে খাবার খেয়ে আমরা ঘুমাই। তারপর এলাকার এক সাথি জানান, তার শরীর খারাপ লাগছে। আমরা তখন মসজিদের সামনে একটু হেঁটে এসে ঘুমাই।
ফজরে তাবলিগের ওই দুইজন সদস্য ছাড়া অন্যরা কেউ উঠতে না পারলে মসজিদের ইমাম স্থানীয়দের জানান। পরে সেই ১৫ জনকে অচেতন অবস্থায় কাউখালী হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
স্থানীয় মুসল্লী জসিম জানায়, ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন তাবলীগ জামাতের সদস্যরা মসজিদ এবং মসজিদের বাইরে অতেচন অবস্থায় পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, অচেতন ১৫ জন মুসল্লিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তারা এখন আশংকামুক্ত। আমাদের ধারণা তাদের খাবাররের মধ্যে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে দেয়া হয়েছিল। ভর্তি হওয়া ২জন মুসল্লীর আব্দুল হান্নান (৬০) এবং তাবারেক উল্লাহ (৬৩)কে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে সেখানে অফিসার পাঠানো হয়েছিল। সবার সঙ্গে কথা বলে জানা গেছে খাবারে হয়তো কোনো সমস্যা ছিল। অসুস্থদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial