প্রতিবন্ধি না হয়েও প্রতিবন্ধি ভাতা উত্তোলন করার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মামুন হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তি প্রতিবন্ধি না হয়েও প্রতিবন্ধি ভাতা উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। মামুন হাওলাদার উপজেলার নাগ্রাভাংগা গ্রামের মৃত. মোকলেছুর রহমান হাওলাদারের ছেলে।
সরেজমিনে গেলে ওয়াহেদাবাদ গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে সবুজ অভিযোগ করেন, তাদের সাথে প্রতিবেশী ওই মামুনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মামুন ও তার সহযোগী মজিবর তার ভাই, রাব্বি ও চাচাতো ভাই রাকিবকে এলাপাথারি কুপিয়ে জখম করে। এ ঘটনায় তার বাবা হানিফ হাওলাদার মামলা করলে পুলিশ কথিত প্রতিবন্ধি মামুনকে গ্রেপ্তার করে। মামুন দীর্ঘদিন কারাভোগের পর প্রতিবন্ধি কার্ড দেখিয়ে জামিন নেয়। মামুন আদালতে থেকে জামিন পেয়ে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগে জিডি করে।
সবুজ ক্ষোভের সাথে আরও জানান, মামুন যদি প্রতিবন্ধি হয় তাহলে আমাদের বিরুদ্ধে জিডি করে কিভাবে ? মামুন সম্পূর্ণ সুস্থ্য মানুষ।
সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান মামুন সম্পূর্ণ সুস্থ্য মানুষ। সে নিজের জমি, ঘরবাড়ি অর্থ-সম্পদ সব নিজের দখলে রেখেছে। সে প্রতিবন্ধি নয়। স্থানীয় চৌকিদার মহিবুল্লাহ বলেন, মামুন যদি প্রতিবন্ধি হতো তাহলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে চাকুরির জন্য আবেদন করে কিভাবে ? মামুন সম্পূর্ণ সুস্থ্য মানুষ।
মামুনের ভাই শিক্ষক রফিকুল ইসলাম বলেন, জমির জন্য মামুন তাকে মেরে কয়েকবার রক্তাক্ত করেছে। নিজের ভালটা নিজে খুবই ভালো বুঝে। এ ব্যাপারে দু’দফা সরেজমিনে গিয়েও অভিযুক্ত মামুনের সাথে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহম্মেদ বলেন, মামুন আসলেই প্রতিবন্ধি কিনা তা তদন্ত করে দেখা হবে।
