পিরোজপুরে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পিরোজপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে শহরের টাউন ক্লাব মাঠে থেকে এক শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে টাউন ক্লাব রোডে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, রাজলক্ষি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।
সমাবেশে স্থানীয় হিন্দু-মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। এদেশে হিন্দু-মুসলিম ভাই ভাই। রাজনৈতিক ফায়দার জন্য একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে চলছে। সরকারের সাথে ভারতের সম্পর্ককে খারাপ করার জন্যই হিন্দু সম্প্রদায়ের সাথে এমন আচারণ করা হচ্ছে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সকল অশুভ শক্তির মোকাবেলা করতে হবে।
