পিরোজপুরে মাদক মামলায় মা-মেয়ের সশ্রম কারাদন্ড
পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মা ও মেয়ের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মা মোসা: নুরজাহান বেগমকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মেয়ে মোসা: আছমা আক্তারকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস,এম, নূরুল ইসলাম এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী স্লুইচ গেট সংলগ্ন রত্তন হাওলাদারের ভাড়া বাসার সামনে থেকে তার স্ত্রী মোসা: নুরজাহান বেগম ও মেয়ে মোসা: আছমা আক্তারকে ৫শ’ পিস ইয়াবাসহ আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ। পরে ওই দিনই তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তিতে মামলাটি আদালতে পাঠানো হয়।
মামলায় আসামী মোসা: নুরজাহান বেগম ও মোসা: আছমা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। ফলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) ধারার টেবিলের ৯(খ)নং ক্রমিকের অভিযোগ প্রমানিত হওয়ায় আছমা আক্তারকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদন্ড এবং নুরজাহানকে একই আইনের ২৫ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মামলার রায়ে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস ও ৩৫ হাজার ৭শ’ টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য বলা হয়।
