পিরোজপুরে এহসান গ্রুপের কাছে পাওনা টাকা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের কাছে পাওনা টাকা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী গ্রাহক ও প্রতিষ্ঠানে কর্মরত মাঠকর্মীরা।
আজ শনিবার সকাল ১০টায় শহরের বাইপাস সড়কে এহসান গ্রুপের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে কয়েক’শ গ্রাহক ও মাঠ কর্মী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহক ও মাঠ কর্মী মাওলানা রফিকুল ইসলাম, গ্রাহক হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন, মাওলানা মো. জাকির হোসেন, মাওলানা হারুন অর রশিদসহ অনেকে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তরা বলেন, মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের পরিচালক মুফতী মাওলানা রাগীব আহসান ধর্মীয় অনুভুতিকে তাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের থেকে আত্মসাৎ করেছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বানিয়েছেন তার স্ত্রী সালমা বেগমকে উপদেষ্টা বানিয়েছেন। তার বাবা আ. রব খানকে প্রতিষ্ঠানের সহ-সভাপতি, শ^শুর মাওলানা শাহ আলমকে ম্যানেজার, তার বোন জামাই নাজমুল ইসলাম এবং তার ভাইদের রেখেছে গুরুত্বপূর্ণ পদে। গ্রাহকদের টাকা দিয়ে পরিবারের সদস্যদের নামে বেনামে অনেক জায়গা ক্রয় করেছেন। গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আমরা আমাদের জমাকৃত টাকা ফেরত চাই।
এসময় বক্তারা আরো বলেন, এহসান গ্রুপের সকল সকল প্রতিষ্ঠান ও সকল সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করা হোক। গ্রাহকদের টাকায় কেনো এহসান গ্রুপের সকল ক্রয়কৃত জমি, ১৭টি প্রতিষ্ঠান ও সম্পত্তি জেলা প্রশাসনের দায়িত্বে রাখা হোক। এহসান গ্রুপের ১২০০ ফিল্ড অফিসার ১০ হাজার গ্রাহকের প্রায় ১৭ হাজার কোটি টাকা ফিরিয়ে দেয়া হোক।
উল্লেখ্য, গ্রাহকদের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে গা’ঢাকা দেওয়া পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে গ্রেফতার করেছে আইন শৃংখলা বাহিনী। বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে এহসান গ্রুপের পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেফতার করে র্যাব এবং অপর দুই ভাই মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল ইসলামকে পিরোজপুরের খলিশাখালী নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পিরোজপুর পুলিশ।
