একটি মাত্র কল, পৌঁছে যাবে ফ্রি অক্সিজেন
মোবাইল নাম্বার ০১৭৩৬-০৯৯৯৯০। একটি মাত্র কল করলে মুহুর্তেই করোনা রোগীর ঠিকানায় পৌঁছে যাবে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার এবং স্বাস্থ্যসেবা টিম। আর বর্তমান করোনাভাইরাস মহামারীর এই দু:সময়ে মানবসেবার এ মহৎ কাজটি করছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।
পিরোজপুরের ভান্ডারিয়ায় চালু করা হয়েছে এই ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এটি বাস্তবায়নে ও সার্বিক সহযোগিতায় কাজ করছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেন, আমি করোনার প্রথমলগ্ন থেকেই এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
এদিকে, ভান্ডারিয়ায় চলমান করোনা সংকটে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান ঠিক রাখতে চালু করা হয়েছে ভ্রাম্যমান দোকান। স্থানীয় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের মধ্যবিত্ত পরিবারে পণ্য সরবরাহ করবে এই ভ্রাম্যমাণ দোকান।
উদ্যোক্তারা জানান, এ ভ্রাম্যমাণ দোকানে চাল, ডাল, আলু, তেল পাওয়া যাবে নামমাত্র মূল্যে। যা বাজার মূল্যের প্রায় অর্ধেক। প্রতিদিন দুই থেকে আড়াই হাজার পরিবার এই ভ্রাম্যমাণ দোকান থেকে পণ্য সংগ্রহ করতে পারবে।

উল্লেখ্য, করোনাভাইরাস ছড়িয়ে পরার পর থেকে জেলার ভান্ডারিয়া উপজেলায় সরকারী ত্রাণ ও খাদ্য সহায়তার দেওয়ার পাশাপাশি ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও অসচ্ছল পরিবারগুলো মাঝে খাদ্য সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী প্রদানসহ করোনা রোগীদের জন্য সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স সুবিধার ব্যবস্থা করেছেন।
