স্বরূপকাঠীতে জাল কাগজপত্র দিয়ে লোন তুলতে গিয়ে আটক-১
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনোয়ারুল ইসলাম (২৮) নামে এক ভূমি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতকারকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে জাল খতিয়ান ও দাখিলা দিয়ে কৃষি ব্যাংক থেকে লোন তোলার সময় তাকে আটক করা হয়। আনোয়ারুল ইসলাম উপজেলার অলংকারকাঠি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। এ ঘটনায় স্বরূপকাঠি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. আলতাফ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ভূমি সহকারি কর্মকর্তা জানান, আনোয়ারুল তার স্বাক্ষর ও সীল জাল করে দাখিলা এবং জাল বিএস এর খতিয়ান তৈরী করত। সেই খতিয়ান দিয়ে কৃষি ব্যাংক নেছারাবাদ (স্বরূপকাঠি) শাখা থেকে লোন আনতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ ওই কাগজপত্র যাচাইয়ের জন্য ভূমি অফিসে আসেন। তখন ওই কাগজপত্রসহ আমার স্বাক্ষর জাল প্রতীয়মান হওয়ায় বিষয়টি এ্যাসিল্যান্ড মো. বশির গাজীকে জানানো হয়। পরবর্তীতে নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) বশির গাজী পুলিশ নিয়ে ব্যাংকে যান। এসময় পুলিশ আনোয়ারুলকে আটক করে।
