মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘর প্রদান উদ্বোধন বিষয়ে পিরোজপুরে প্রেস ব্রিফিং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায় শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক।
আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিং-এ পিরোজপুরে কর্মরত সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও বার্তা সংস্থার জেলা প্রতিনিধি ও নিজস্ব সংবাদদাতারা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক প্রেস ব্রিফিং এ জানান, আগামীকাল রবিবার পিরোজপুরে ২য় পর্যায়ে ২ হাজার ৪টি ঘর প্রদানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীনদের জন্য এসব ঘর তৈরী করা হয়েছে।
প্রথম পর্যায়ে এ জেলায় ১ হাজার ১৭৫টি ঘর দেয়া হয়েছে। এ নিয়ে এ জেলায় এ পর্যন্ত ঘর প্রদানের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৭৯টি।
উপজেলায় প্রতি মোট বরাদ্দকৃত ঘরের সংখ্যা- পিরোজপুর সদরে ৩৮৫টি, নাজিরপুরে ৭৫৫টি, নেছারাবাদে ৩২৪টি, কাউখালীতে ৩৬০টি, ইন্দুরকানীতে ৫১৪টি, ভান্ডারিয়ায়, ৪৬০টি এবং মঠবাড়িয়ায় ৩৮১টি। নির্মিত প্রতিটি ঘরে ২টি শয়ন কক্ষ, ১টি রান্নাঘর, টয়লেট ও বারান্দা থাকছে। প্রথম পর্যায়ে প্রতিটি ঘর নির্মাণে ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ থাকলেও ২য় পর্যায়ে এ বরাদ্দের পরিমাণ ১ লক্ষ ৯০ হাজার টাকায় উন্নিত করা হয়েছে। ভূমিহীনদের ঘর প্রদানের জন্য প্রতি পরিবারকে ২ শতাংশ করে খাস জমি, দানকৃত জমি এবং সরকারের ক্রয়কৃত জমি প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, ‘ক’ তালিকায় শুধুমাত্র ভূমিহীনদের ২ শতক জমিতে ঘর তৈরী করে দেয়া হচ্ছে। ‘খ’ তালিকাভুক্তদের প্রথম পর্যায়ে কিছু ঘর দেয়া হয়েছে এবং আগামীতে তাদের ঘর তৈরী করে দেয়া হবে।
পিরোজপুরে এই প্রথম সরকার নগদ টাকায় ১.১০ শতাংশ জমি কিনে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠীতে ৪০টি ঘর তৈরী করে দেয়া হয়েছে। পিরোজপুরে আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে সংযুক্ত হয়ে ২ হাজার ৪টি ঘরের উদ্বোধন করবেন। এসব ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা হয়েছে।
