পৌর আ’লীগের সভাপতি নান্না পোদ্দারের স্মরণে পিরোজপুরে দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দারের স্মরণে পিরোজপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. কামরুজ্জামান শামীমের আয়োজনে বুধবার বিকেলে শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন পোদ্দার মঞ্জিলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়াল বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ওলামালীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার গত ১৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় ভারতের দিল্লীর রাজিব গান্ধী স্পেশালাইজড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
নান্না পোদ্দারের মৃত্যুর পরে তার লাশ বাংলাদেশে আনার জন্য পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ভারতীয় হাইকমিশনার, ভারতের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রকসহ ভারতের বিভিন্ন উচ্চ পর্যায়ে যথেষ্ট চেষ্টা তদবির করেছিলেন। তবে করোনা পরিস্থিতিতে ভারতের আইনী জটিলতার কারণে তার লাশ বাংলাদেশে আনা সম্ভব হয় নি।
