স্বরূপকাঠীর জলাবাড়ি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিষ কুমার বড়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ওই চেয়ারম্যানকে বরখাস্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন এর কাছে ই-মেইলের মাধ্যমে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে বলে বুধবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে সত্যতা প্রমানিত হওয়ায় জনস্বার্থে আশিষ কুমার বড়ালকে সাময়িক বরখাস্ত করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আশিষ কুমার বড়াল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চলতি বছরের প্রথম ধাপে ঘোষিত ইউপি নির্বাচনে (করোনার কারনে বন্ধ হয়ে যাওয়া) আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে সাময়িক বহিস্কৃত ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়ালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে শুনেছেন মাত্র, তবে কোন চিঠি পাননি। এ বিষয়টি নিয়ে তিনি আইনী লড়াই করবেন বলে জানান।
ইউএনও মো. মোশারফ হোসেন বলেন, বুধবার বিকেলে ইমেইলের মাধ্যমে চেয়ারম্যান আশিষ কুমার বড়ালকে সাময়িক বরখাস্তের বিষয় জানতে পেরেছি। জলাবাড়ীতে জেলেদের মধ্যে চাল বিতরণে চেয়ারম্যান আশিষ বড়ালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। সে অভিযোগ স্থানীয়ভাবে প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবেনা চিঠিতে তাও কারণ দর্শাতে বলা হয়েছে।
