শিশুদের লেখাপড়ার পথ সুগম করতে বঙ্গবন্ধু একদিনে ৩৭ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে এক দিনে ৩৭ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে বঙ্গবন্ধু শিশুদের লেখাপড়ার পথ সুগম করে দিয়েছিলেন। শিশুদের তিনি প্রাণের চেয়েও অধিক ভালবাসতেন বলেই আজকে তার জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কতটা দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন, তার প্রমান হচ্ছে ১৯৭৩ সালে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন। সেটাকে ভিত্তি করেই আজ আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করতে সক্ষম হয়েছি।
বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে সকাল ১০টায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী,
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করীম মন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক।
