উগ্র ধর্মান্ধতা ও জঙ্গীবাদ থেকে জাতিকে রক্ষা করতে সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
উগ্র ধর্মান্ধতা ও জঙ্গীবাদ থেকে জাতিকে রক্ষা করতে সংস্কৃতিকে বেশি করে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি টেলিভিশন আরটিভি আয়োজিত ‘১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হাজার বছরের অকৃত্রিম ঐতিহ্য হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানের অসাম্প্রদায়িক বাংলাদেশ। সে বাংলাদেশকে মাঝে মধ্যেই ছোবল দেয় সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী। তারা ১৯৪৭ সালে সেই স্বপ্নে বিভোর ছিলো, পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গা করেছিলো। মুক্তিযুদ্ধের সময় তারা ইসলামের নাম ব্যবহার করে এ দেশকে ধ্বংস করতে চেয়েছিলো। সাম্প্রতিক সময়ে আবার তারা মাথাচাড়া দিয়ে উঠার দু:সাহস দেখাচ্ছে।
শ. ম রেজাউল করিম বলেন, একজন শিল্পীর একটি ভূমিকা অনেক ক্ষেত্রেই রাজনীতিবিদদের এক মাসের বক্তৃতার চেয়ে অনেক বেশি ভূমিকা রাখে। বাঙালির নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য, আমাদের জারি, সারি, পল্লীগীতি, যাত্রা, নাটক ও চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করতে হবে। আমাদের এ জায়গাটা তুলে ধরতে হবে। এ বাংলাদেশ শিল্প ও সংস্কৃতির বাংলাদেশ। এ বাংলাদেশ মৌলবাদীদের ছোবলের বাংলাদেশ নয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির বাবলু ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত সকল নাটকের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক ও অভিনয় শিল্পীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। মামুনুর রশীদের হাতে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
