শেখ হাসিনা আধুনিক ও বিজ্ঞান সম্মত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ. ম. রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক ও বিজ্ঞান সম্মত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন। আর তাই জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে দক্ষ শিক্ষক নিয়োগ দিচ্ছেন। আমাদের সকলকে সন্তানকে আদর্শ ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানরা যাতে আদর্শ মানুষ হতে পারে সে জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। সন্তান যেন মাদকাসক্ত বা রাস্তায় মেয়েদের উত্যক্ত না করে সে দিকে খেয়াল রাখতে হবে। সন্তান যদি শুধু শিক্ষিত হয় তা দিয়ে কোন কাজ হবে না। হতে হবে সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষ। বুধবার পিরোজপুরের নাজিরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাজিরপুরে উপজেলা স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য আরও রাখেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আব্দুস সালাম, সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার প্রমুখ।
পরে মন্ত্রী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার ১৬৫ জন কৃষককে বোরো ধান, মসুর ডাল, ভুট্টা, টমেটো, চীনা বাদাম, সরিসা, মরিচসহ বিভিন্ন ধরনের রবিশস্যের বীজ প্রদান করেন।
এসব অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার মনীন্দ্র নাথ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, নাজিরপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মোহাম্মাদ সায়েফ, জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহামুদ খান, তুহিন হালদার তিমির, উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী এ দিন পিরোজপুর সদর উপজেলার পশ্চিম কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, পিরোজপুর খেয়াঘাট-হুলারহাট সড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন খালে কালভার্ট নির্মান কাজের উদ্বোধন, জেলা প্রশাসকের কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ, পিরোজপুর এলজিইডি ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন করেন।
এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, এলজিইডির পিরোজপুর নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার রায়, পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
