ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
জেলার ভান্ডারিয়ায় গতকাল বুধবার ট্রলার টেম্পু উল্টে মো. হাসান হাওলাদার (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্র পাশর্^বর্তী ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের জুয়েল আহম্মেদ হাওলাদারের ছেলে। সে ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানান, কলেজ ছাত্র মো. হাসান হাওলাদার বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মাকে নিয়ে ভান্ডারিয়া উপজেলার নানা বাড়ি থেকে নিজ বাড়ির দিকে কৈখালী যাচ্ছিলো। এ সময় ভান্ডারিয়া-বানাই সড়কের পৌর শহরের কানুয়া সরকারি পুকুরের কাছে পৌঁছালে ট্রলার টেম্পুটি হঠাৎ উল্টে চাপা পড়ে ঐ কলেজ ছাত্র নিহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আলী আজম তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ট্রলার টেম্পুটি থানা হেফাজতে আছে।
