শিক্ষার্থীদের আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে : শ. ম. রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদেরকে নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তা’নাহলে শুধু পূথিগত বিদ্যা নিয়ে কোন লাভ হবে না। এমএ পাশ, বিএ পাশের সার্টিফিকেট নিয়ে কোন কাজ হবে না, যদি একটি সন্তান আদর্শ নিয়ে শিক্ষিত না হতে পারে। আর জাতির এ মেরুদন্ড তৈরী করার দায়িত্ব শিক্ষকদের। তাই শিক্ষকদের ভালভাবে শিক্ষার্থীদের লেখাপড়া করাতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও যোগ্য শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।
শনিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সিরাজুল হক সরকারী বালক বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, সিরাজুল হক সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রোজিনা নাছরিন।
অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, জেলা যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. আক্তারুজ্জামান শামিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
