মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী গণধর্ষণের শিকার ॥ গ্রেপ্তার-১
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী (৬২) এক মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ করেছে একদল লম্পট। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে দুই জন নামীয় ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় রবিবার রাতে মামলা দায়ের করেছেন। আসামীরা হল- উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহ আলম টুকু জমাদ্দারের ছেলে লিসান (১৯) ও কালাম হাওলাদারের ছেলে রবিউল (১৮)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে আসামী রবিউলকে সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে।
মামলা সুত্রে জানা গেছে, লম্পট লিসান ও রবিউল মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ অক্টোবর রাতে ওই বৃদ্ধা প্রতিবেশীর বিয়ে বাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে ওৎ পেতে থাকা লিসান, রবিউলসহ ৫ লম্পট তাকে মুখ চেপে ধরে স্থানীয় চৌকিদার বাড়ির পরিত্যাক্ত একটি গোয়াল ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী ধর্ষনের আলমতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মামলার ২নং আসামী রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
