স্বরূপকাঠীর বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ড ॥ ক্ষতি কোটি টাকা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে বুধবার এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি প্লাস্টিকের রশি তৈরীর কারখানা মালামালসহ পুড়ে গেছে। দমকল বাহিনীর একটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন জানান, রাত ১০টা ১৫ মিনিটে এ অগ্নিকান্ডের খবর পেয়ে ট্রলারে করে নৌপথে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেন এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। রাত পৌনে ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্লাস্টিকের দড়ি তৈরীর এ কারখানাটিতে আধাপাকা ভবন ছিল এবং প্রচুর পরিমাণ দড়ি দেশের বিভিন্ন স্থানে প্রেরণের জন্য মজুদ ছিল।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শারমিন প্লাস্টিক কারখানার মালিক মো. শাহ আলম ক্ষয়-ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে জানিয়েছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ জানান, ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয় এবং ফায়ার ব্রিগেড যথাযথভাবে দায়িত্ব পালনে সক্ষম হয়।
ফায়ার ব্রিগেডের পিরোজপুরের ডিএডি মো. আব্দুল মালেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের তরফ থেকে তদন্ত করে অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা হবে।
