সফল উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণ ও ধৈয্যের বিকল্প নেই : মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, একজন মানুষকে সফল উদ্যোক্তা, সফল খামারী, সফল ব্যবসায়ী কিম্বা ইন্ডাষ্ট্রির মালিক হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। সেটা হোক গবাদি পশু, হাঁস-মুরগি পালন, মৎস্য বা কৃষিকাজ। এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে একজন শিক্ষিত বেকার যুবক নিজেকে স্বাবলম্বি করতে পারে। তবে এজন্য প্রশিক্ষণের পাশাপাশি থাকতে হবে ধৈয্য। আজকের যুবক-যুবতিদের প্রশিক্ষণ নিয়ে এবং ধৈয্য ধরে নিজেকে স্বাবলম্বি করতে হবে, নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরী করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য ও কৃষি বিষয়ক তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুবকদের স্বাবলম্বি করতে বিভিন্নভাবে সহায়তা করে চলছেন। উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে কর্মসংস্থান ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দেয়া হচ্ছে। তাই ধৈয্য ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে যুবকদের সামনে এগিয়ে যেতে হবে। দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে হবে।
মহিউদ্দিন মহারাজ নিজের প্রশিক্ষণ গ্রহণের কথা উল্লেখ করে বলেন, “ছাত্র জীবনে আমি নিজেও নানা প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে সমবায় সমিতি গঠন করেছি। শ্রেষ্ঠ সমবায় হিসেবে স্বর্ণপদক পেয়েছি। তাই প্রশিক্ষণ নিয়ে এবং লক্ষ স্থির থাকলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। চাকুরীর পিছনে ঘুরতে হয় না।”
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবেদ শাহ এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-সমন্বয়কারী গোলাম মোস্তফাসহ কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
অনুষ্ঠানে তিন মাস মেয়াদি আবসিক প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ন ৬৩ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
