প্রধান সূচি

মানুষের চাহিদা থাকে বলেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, অর্জিত সম্পদ ব্যয় করে জীবনমানের উন্নয়ন সাধন করতে হয়। মানুষের চাহিদা থাকে বলেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে। তবে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়াদের থেকে সাবধান থাকতে হবে।

তিনি আজ মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, যারা ঘরের মধ্যে জামায়াত-শিবির লালন-পালন করে বাইরের লোকদের রাজাকার বলে তাদের রুখে দিতে হবে। ভান্ডারিয়া শান্তিপূর্ণ এলাকা এখানে বিশৃংখলকারীদের স্থান হবে না। কেউ যদি বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে তা রুখে দেয়া হবে। আমাদের দিকে কেউ রক্ত চক্ষু করে তাকালে তাও প্রতিরোধ করা হবে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজরের পর থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করে উন্নয়ন করে যাচ্ছেন। ভান্ডারিয়ার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় প্রশংসা করে থাকেন। কিছু লোক উন্নয়নের টাকা মেরে খাচ্ছে।

তিনি মঙ্গলবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা জাতীয় যুব সংহতি আয়োজিত রিজার্ভ পুকুর পাড়ের উপজেলা জেপি কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পার্টি জেপি’র অঙ্গসংগঠন যুব সংহতির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি যুব সংহতির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়ে ভালো মানের কাজ করে মানুষের মন জয় করতে হবে। টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না। তিনি বলেন, নির্বাচনের এখনো সাড়ে তিন বছর বাকি রয়েছে। এখনই যারা ষড়যন্ত্র করছে তাদের থেকে সাবধান থাকতে হবে। আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ হবে নির্বাচনের সময়। নির্বাচনে বাংলাদেশের মানুষ কখনো ভুল করেনি আর করবেও না। দেশের শান্তির জন্য আমরা সবসময় সংবিধানের পক্ষে থেকে অস্থিতিশীল পরিবেশ রুখে দিয়েছি। যারা চাল-ডাল-তেল চুরি করে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম লোপাট করছে তারা কোনো দলের হতে পারে না।

তিনি আরও বলেন, কথা বলতে হবে ইমানের সাথে বেঈমানদের আল্লাহ পছন্দ করেন না। এলাকায় ৩৬ বছরের রাজনৈতিক জীবনে কখনোই অন্যের উপর আমাদের মত চাপিয়ে দেইনি। সব সময় আমাদের প্রচেষ্টা ছিলো সকল মতকে এক করে এলাকার উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে দেশের স্বাধীনতা অর্জনের জন্য আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে আমাদের পিছু হঠানো যাবে না। ভান্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি ও অঙ্গ সংগঠনের বিদ্যমান আহ্বায়ক কমিটি গুলোই কাজ করবে এবং বহাল থাকবে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের মানুষের কল্যাণে দীর্ঘস্থায়ী উন্নয়ন সাধনে সক্ষম হয়েছি। যারা উন্নয়ন দেখে না তাদের চোখে সমস্যা রয়েছে। ভান্ডারিয়া যে ঐক্যের রাজনীতির প্রতিফলন ঘটেছে তার ফলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম ভান্ডারিয়ায় বসে পিরোজপুর জেলা সদরে ২৫০ শয্যার হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন। স্থানীয় সরকার মন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন এখানে এসে গ্রামীণ জনপদের উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভান্ডারিয়া সাবস্টেশন ও ট্রান্সমিশন লাইন স্থাপনের যে ঘোষণা দিয়েছিলেন তা আজ বাস্তবায়িত।

জাতীয় যুব সংহতি ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারের সভাপতিত্বে উপজেলা জেপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের উপস্থাপনায় এখানে আরও বক্তব্য রাখেন যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এনামুল ইসলাম রুবেল ও ভান্ডারিয়া উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার। এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে ছিলেন জেপি’র ভান্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা জেপি’র যুগ্ম আহবায়কদের মধ্যে নদমুলা ইউপি চেয়ারম্যান সফিকুল কবির বাবুল তালুকদার, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ইকরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হারেছ ও তানভির হোসেন বাবু তালুকদার, কাওসার হোসেন মালকারসহ জেপি নেতা শহিদুল আলম খোকন সিকদার, শাহরিয়ার হোসেন দুলাল মল্লিক, পৌর জেপি’র আহবায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন ও সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. মনির সরদার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব অন্তু সরদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মেহেদি হাসান রাজু ও সদস্য সচিব মাহবুব শরিফ শুভ, জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি মোশারফ হোসেন সরদার, শ্রমিক পার্টির সভাপতি মো. শাজাহান সরদার ও সাধারণ সম্পাদক মো. শাজাহান হাওলাদার প্রমুখ। এছাড়া ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী উপজেলার জাতীয় পার্টি জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা এসএমএ খালেক পাইলট বীর প্রতীক স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম বলে আজ মুক্তিযোদ্ধাদের নামে ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলাধুলার পাশাপাশি ভালো পড়ালেখা করতে হবে। উন্নয়নের সাথে সাথে লেখাপড়া ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। মানুষের চাহিদা বেড়েছে এটা ভালো দিক। আকাঙ্খা না থাকলে তাদের কিছুই হয় না। নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, মনপ্রাণ দিয়ে খেলাধুলা করে কৃতিত্ব অর্জন করতে হবে। এ অনুষ্ঠানে ভিটাবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের মুন্সীর সভাপতিত্বে আরও মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন জেপি’র সাধারণ সম্পাদক রেজা আহমেদ দুলাল।

মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা নবনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর ভিটাবাড়িয়া ইউনিয়নের নূরজাহান হাবিব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমি ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর উক্ত ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মঙ্গলবার সকালে পূর্ব ভান্ডারিয়াস্থ ‘তাসমিমা ভিলায়’ ভান্ডারিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রতিবন্ধী ও দলিত ৩২ জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় হতে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী উপজেলা ক্রীড়া সংস্থা সহ ৩৬টি কলেজ, স্কুল ও মাদ্রাসা প্রধানদের হাতে তুলে দেয়া হয়। ভান্ডারিয়া ও কাউখালী উপজেলাধীন পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী এলসিএস প্রকল্পের আওতায় ৩০ জন মহিলা কর্মীদের জমানো টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। এসময় বিতরণকাজে অংশ নেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল, উপজেলা প্রকৌশলী বদরুল উল আলম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial