ভান্ডারিয়ায় মস্তকবিহিন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মস্তকবিহিন অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজারের পশ্চিম দিকে হামেদ ডিলারের বাড়ি লাগোয়া খালে বিবস্ত্র অবস্থায় মস্তকবিহিন আনুমানিক (৪০) বছরের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরি জানান, লাশের বাম হাতের রগ কাটা, মাথা নেই এবং বিবস্ত্র। স্থানীয়রা লাশ খালে ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে দুপুর দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া) সার্কেল মো. হাসান মোস্তফা স্বপন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম ।
ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন।
